জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় আজ সকাল ৯ টা থেকে খুলনা ও কুষ্টিয়ায় শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। খুলনা জেলার প্রশিক্ষণ খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং কুষ্টিয়া সার্কিট হাউজে কুষ্টিয়া জেলার প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। পৃথক এ দুটি প্রশিক্ষণে খুলনা এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এ প্রক্রিয়ায় খুলনা জেলায় ৬৩ জন এবং কুষ্টিয়া জেলায় ৪২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন। এই কোর্সে পাঁচ দিনে ছাত্র ছাত্রীদেরকে এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও ব্যবহারিক ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণের শেষ দিকে ছাত্রছাত্রীরা এ্যাপ্লিকেশন তৈরী করবেন। সবশেষে সফল প্রশিক্ষনার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তারা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই সকল প্রশিক্ষনার্থী জাতীয় পর্যায়ের এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন।
খুলনা জেলায় প্রথম দিনের প্রশিক্ষণের শুরুতে উপস্থিত ছিলেন খুলনা জেলার সহকারী জেলা প্রশাসক জনাব মো. গোলাম মোস্তফা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, এমসিসি লি. এর উপ-পরিচালক এফ এম শাহ পারভেজ প্রমুখ। এ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলাম খান ঢাকা থেকে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে কুষ্টিয়া জেলায় কর্মশালার উদ্ভোধনী দিনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সহকারী জেলা প্রশাসক জনাব মো. মুজিব-উল-ফেরদৌস, আরআর ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সদস্য জনাব রাসেল আহমেদ, এমসিসি লি. এর পক্ষে আসিফ আহমেদ তন্ময় প্রমুখ। উল্লেখ্য এই দুটি প্রশিক্ষণই পরিচলানা করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি.।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।
