তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত পাঁচদিনব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী দশম শ্রেণীর ছাত্র ইসফার হাসান এন্ড্রয়েড ফোনের জন্য এ্যাপ্লিকেশন তৈরী করেছে। সে ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলে বিজ্ঞান বিভাগে পড়ে। স্মার্ট ফোনের জন্য নির্মিত তার এই এ্যাপ্লিকেশনের নাম তসবি। নামাযের পরে বা বিভিন্ন দোয়ার আগে মুসলমানরা যে তসবি পাঠ করে থাকেন, সেটা গণনার প্রয়োজন হয়। অনেকদিন ধরেই মুসলমানরা হাতের আঙুলের কর বা মালা সদৃশ্য তসবির মাধ্যমে এ কাজটি করে থাকেন। এই এ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবইলের মাধ্যমেই এই গণনার কাজ করা যাবে। ইসফার হাসান বলেন, ট্রাভেল করার সময় অনেক মানুষের পক্ষেই তসবি বহন করা সম্ভব হয় না। কিন্তু মোবাইল মানুষের নিত্য সঙ্গী। এই ধরনের পরিস্থিতিতে আমার তৈরী করা এ্যাপ্লিকেশনটি ব্যবহার করে মানুষ উপকার পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এই প্রশিক্ষণে স্কুল ছাত্রের অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি. এর প্রধান নির্বাহী জনাব আশ্রাফ আবির বলেন, ইসফার হাসান খুবই মেধাবী শিশু প্রোগ্রামার। এই প্রকল্পের মাধ্যমে ২০০০ জন বিশ্ববিদ্যালয় বা কলেজ ছাত্রছাত্রীকে প্রশিক্ষণের কথা থাকলেও, আমরা চেষ্টা করছি ইসফারের মতো সব বয়সী মেধাবীদেরকে এই প্রশিক্ষণে অন্তর্ভূক্ত করতে।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২০ জানুয়ারি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হওয়া এই প্রশিক্ষণ দুটি আজ শেষ হলো। পাঁচ দিনে ছাত্র ছাত্রীদেরকে জাভা ও এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনে উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রাপ্ত প্রশিক্ষণের ভিত্তিতে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীরা পূর্ণাঙ্গ মোবাইল এ্যাপ্লিকেশন তৈরী করেন। দুটি বিশ্ববিদ্যালয় থেকে এমন পূর্ণাঙ্গ ৪৪ টি এ্যাপ্লিকেশন তৈরি করেন সফলভাবে প্রশিক্ষণ শেষ করে সনদপত্র পাওয়া ৭৮ জন শিক্ষার্থী। ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম খান, ট্যাক্স আপীল ট্রাইব্যুনালের সদস্য কানন কুমার রায়, সিম্ফোনী মোবাইল কোম্পানির পরিচালক রেজওয়ানুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের উপদেষ্টা আন্নাজিয়াত আলীম রাসেল প্রমুখ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ তো প্রমুখ। প্রশিক্ষন দুটি পরিচালনা করেছে এমসিসি লি.।
অনুষ্ঠিত এই দুটি প্রশিক্ষণ কর্মশালায় শ্রেষ্ঠ এ্যাপ নির্মণকারী হিসেবে দুইজনকে পুরস্কৃত করা হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া নদী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় একই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সৈয়দা প্রিমা তাসনিম উপস্থিত অতিথির হাত থেকে সিম্ফোনী ব্র্যান্ডের এ্যান্ড্রোয়েডচালিত মোবাইল ডিভাইস পুরষ্কার হিসেবে গ্রহণ করেন। এই ধরনের প্রশিক্ষণে সফল অংশগ্রহণকারীকে ভবিষ্যতে উচ্চতর প্রশিক্ষণের জন্য বেসিস আয়োজিত সকল প্রশিক্ষণ কোর্সে ৫০% ছাড় প্রদান করা হবে। বিভিন্ন জেলায় প্রশিক্ষন এর জন্য নিবন্ধন উন্মুক্ত থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত জানতে ও নিবন্ধনের জন্য ভিজিট করুন www.nationalappsbd.com সাইটটিতে।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।
Leave a Reply
You must be logged in to post a comment.
