মন্ত্রীর উপস্থিতিতে শুরু হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঁচ দিন ব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ

By Mahadi Hasan

Daffodil University Training

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত “জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে ৬৪ জেলায় মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো পাঁচ দিন ব্যাপী এন্ড্রয়েডের জন্য মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ। ঢাকা জেলার জন্য পঞ্চম এই প্রশিক্ষণের শুরুর দিনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। এছাড়াও উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কামাল উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.এম লুৎফর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান ড. তৌহিদ ভূঁইয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির।

আজ সকাল ৯ টা থেকে ঢাকা জেলায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহণে শুরু হলো এই কোর্স। এসকল প্রশিক্ষণার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। ঢাকা জেলায় নিবন্ধনকৃত সর্বাধিক পরিমাণ ছাত্রছাত্রী নির্বাচিত হওয়ায় এটি এ জেলার জন্য পঞ্চম প্রশিক্ষণ কোর্স। পাঁচ দিনে ছাত্র ছাত্রীদেরকে এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনে উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া ব্যবহারিক ক্লাসের মাধ্যমে কর্মশালার শেষ দিকে প্রশিক্ষণার্থীরা এ্যাপ্লিকেশনও তৈরী করবেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হবে, যা তারা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই সকল প্রশিক্ষনার্থী জাতীয় পর্যায়ের এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন।

মাননীয় প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র ২০০০ এন্ড্রয়েড ডেভলপার তৈরী করা নয় বরং সারা দেশ থেকে আরো অধিক সংখ্যক ছাত্রছাত্রীরা যাতে এই ধরণের প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডেভলপারদের জন্য কাজের যথাযথ পরিবেশ ও সুযোগ তৈরীতেও তাঁর সরকার কাজ করবে। এছাড়া তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অভ্যন্তরে একটি ইয়ুথ সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা বলেন। যেখানে আইটিসি নিয়ে কাজ করতে আগ্রহী তরুণরা মন্ত্রণালয়ের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করার সুযোগ পাবে।

পাঁচ দিনের এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করছে বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি.।

পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।

Leave a Reply